প্রদীপ কুন্ডু (কোচবিহার): কাবাডি খেলতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোর খেলোয়াড়ের। মৃতের নাম সঞ্জীব সরকার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট এলাকায়। কাবাডি টুর্নামেন্ট চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্জীব। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কন্ট্রোলের হাট এলাকায় আয়োজিত হয়েছিল একটি আট দলীয় কাবাডি টুর্নামেন্ট। সেই প্রতিযোগিতায় সঞ্জীব সরকারও তার দলের হয়ে অংশ নিয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। সঞ্জীবের দলের খেলোয়াড় প্রতাপ বর্মন জানান, প্রথম ম্যাচে তাঁদের দলের প্রতিপক্ষ ছিল কালমাটি দল। খেলা চলাকালীন কালমাটি দলের এক খেলোয়াড় দম দেওয়ার জন্য তাদের কোর্টে প্রবেশ করেন। সেই সময় সঞ্জীব তাকে আটকানোর চেষ্টা করেন। আচমকাই খেলার মাঠে অসুস্থ হয়ে পড়েন সঞ্জীব।ঘটনার পর মাঠে থাকা খেলোয়াড় ও স্থানীয়রা তড়িঘড়ি সঞ্জীবকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা এই মৃত্যুর ঘটনায় টুর্নামেন্টের মাঠে নেমে আসে শোকের ছায়া।খবর পেয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।একজন তরতাজা ১৬ বছরের কিশোরের এভাবে খেলার মাঠেই প্রাণ হারানোর ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার, বন্ধু-বান্ধব এবং গোটা এলাকার মানুষ। তবে ঠিক কী কারণে সঞ্জীবের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।