এনটিপিসি দিয়েছে মৃত দুই চুক্তি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা
অভিজিৎ মন্ডল (ফারাক্কা):স্টেশন সংক্রান্ত কাজে প্রাণ হারানো দুই চুক্তিভিত্তিক শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল এনটিপিসি ফারাক্কা। মৃতদের পরিবারকে মোট ২৭.৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও বীমার চেক তুলে দিলেন এনটিপিসি কর্তৃপক্ষ।
এনটিপিসি ফারাক্কার এমজিআর অপারেশনে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় প্রয়াত হন গঙ্গেশ্বর মাল। তার স্ত্রী রাইমোহিনী মালের হাতে ১০ লক্ষ টাকার এক্স-গ্রেসিয়া চেক তুলে দেন এনটিপিসি ফারাক্কার এক্সিকিউটিভ ডিরেক্টর দেবব্রত কর।এছাড়াও গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বাবদ আরও ৭.৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআর-এর প্রধান আলোক কুমার রনবীর, ডিজিএম বিনীত কুমার, এনটিপিসি-র সিনিয়র আধিকারিক এবং বিভিন্ন চুক্তি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা।একই সঙ্গে এনটিপিসি টাউনশিপে কাজ করার সময় প্রয়াত চুক্তি শ্রমিক বরুণ মণ্ডলের পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়া হয়। তার বাবা অনিল মণ্ডল ও মা নিয়তি মণ্ডলের হাতে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।এনটিপিসি ফারাক্কার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চুক্তি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। তারা বলেন, দুঃসময়ে পরিবারগুলির পাশে দাঁড়ানোয় এনটিপিসি-র এই মানবিক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।