সুব্রত শেঠ (পুরাতন মালদা): নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদার নারায়ণপুরের ঝাঁজরা মোড় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ঝাঁজরা মোড় সংলগ্ন বাইপাস এলাকায় দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে। এরপর তাদের তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের নাম মারুফ শেখ (২২) এবং ইব্রাহিম শেখ (৪৭)। দু’জনের বাড়ি কালিয়াচক থানার বিবিগ্রাম ও ব্রাহ্মণ গ্রামে বলে পুলিশ জানিয়েছে। এরপর প্রায় দু’ঘণ্টা পর একই এলাকার কাছ থেকে অভিযান চালিয়ে আরও এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত মহিলার নাম ধীরাজ দেবী (৪৪)। তার বাড়ি বিহারের ছাপরা জেলায় বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরাতন মালদার বাইপাস এলাকায় মাদক হাতবদলের উদ্দেশ্যেই ওই দুই যুবক সেখানে জড়ো হয়েছিল। অন্যদিকে, ধৃত মহিলা উদ্ধার হওয়া মাদক নিয়ে বিহারের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মঙ্গলবার ধৃত তিনজনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুরাতন মালদার বাইপাস এলাকাকে মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।