জমি অধিগ্রহণ ও চাকরি দুর্নীতি মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয় যুবকের
অভিজিৎ মন্ডল (ফারাক্কা): দীর্ঘ ১৫ বছর অতিক্রান্ত হলেও ফরাক্কা তথা মুর্শিদাবাদ এলাকায় জমি অধিগ্রহণ এবং ই.সি. চাকরিপ্রার্থীদের সমস্যার এখনও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের অর্ন্তগত বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা অংশুমান লালা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে শুধু আর্থিক লেনদেন এবং অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, অথচ প্রকৃত ক্ষতিগ্রস্থ ও যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।
অভিযোগ উঠেছে যে, জমি অধিগ্রহণ ও ই.সি. ক্যাটাগরির নামে শুধুমাত্র অর্থের বিনিময়ে বা নিজেদের পছন্দের লোকদের চাকরি দেওয়া হয়েছে, যা নিয়ে একাধিকবার প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও কোনো ফল মেলেনি।
বিগত সরকার জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা তো দূরের কথা, উল্টো বহু পরিবারকে চরম অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
বর্তমান সরকারের আমলে অবিলম্বে বিগত দিনে হওয়া সমস্ত ই.সি. ক্যাটাগরি এবং ল্যান্ড লুজার চাকরির তালিকা ও নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত বা সিবিআই ও ভিজিল্যান্স তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সমস্ত বেআইনি নিয়োগ বাতিল করে যোগ্য ও বঞ্চিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জোরালো আর্জি পেশ করেছেন ক্ষতিগ্রস্থ প্রার্থী।