হলিউড : হলিউড তারকাদের প্রেম, বিচ্ছেদ কিংবা বাগ্দান— যে কোনও বিষয় নিয়েই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। সরাসরি ঘোষণা না করলেও অনেক সময়ে একটি ছোট্ট ইঙ্গিতই হয়ে ওঠে বড় আলোচনার বিষয়।
সম্প্রতি তেমনই এক জল্পনার কেন্দ্রে অভিনেতা ব্র্যাডলি কুপার ও সুপারমডেল জিজি হাদিদ। নেপথ্যের কারণ কী? সম্প্রতি প্যারিসে একসঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত তাঁরা। সেখানেই ফ্রেমবন্দি যুগলে। শুধু তা-ই নয়, আলোকচিত্রীদের চোখ এড়ায়নি তাঁদের দু’জনের আঙুলের আংটি। ব্র্যাডলি এবং জিজির হাতের অনামিকার আংটি নজর কেড়েছে। আর সেই থেকেই প্রশ্ন— তবে কি সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন এই তারকাজুটি? কয়েক দিন আগে প্যারিসের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা যায় ব্র্যাডলি ও জিজিকে। স্বাভাবিক ভাবেই সময় কাটাচ্ছিলেন দু’জনে। যে ছবি ছড়িয়ে পড়েছে, সেখানেই তাঁদের আংটিতে চোখ আটকে গিয়েছে দর্শকের। বিশেষ করে বাঁ হাতের অনামিকায় একই ধরনের ‘রিং ব্যান্ড’ পরার বিষয়টি ঘিরেই শুরু হয় জোর জল্পনা। সমাজমাধ্যমে কারও কারও দাবি, হয়তো বাগ্দান সেরেছেন তাঁরা। কেউ কেউ আবার গোপনে বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।