সোমবার রাতে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে নিজেই সেই খবর জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে জানান, এই নিয়ে তৃতীয় বার চোট পেলেন তিনি। রশ্মিকার কথায়, ‘‘এ বার বুঝতে পারছি, শরীরকে যন্ত্রের মতো ব্যবহার করা ঠিক নয়।’’ তিনি জানান, নিতম্ব থেকে পায়ের সঙ্গে সংযোগকারী চারটি পেশির মধ্যে ডান দিকের একটা ছিঁড়ে গিয়েছে। সেটি সম্পূর্ণ জোড়া না লাগা পর্যন্ত স্বাভাবিক ভাবে পা তুলতেও অসুবিধা হবে। এই দুর্ঘটনা ঘটে ‘মাইসা’র একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময়। ছবিটিকে তাঁর অভিনয়জীবনের সবচেয়ে শারীরিক পরিশ্রম সাপেক্ষ কাজ বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী।