ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ ডিম থেরাপির শিকার
নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোর রাতে খড়দা থানার পুলিশ তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারির খবরে এদিন খুশিতে মাতলেন বিজেপি কর্মীরা। থানার সামনে ঢাক ঢোল পিটিয়ে আনন্দে গা ভাসালেন।
এদিন বেলায় থানা থেকে বের করে আদালতে নিয়ে যাবার সময় ডিম থেরাপির শিকার হন ধৃত তীর্থঙ্কর। এমনকি চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। পুলিশ কোনওক্রমে তাকে গাড়িতে তুলেই আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে। প্রসঙ্গত, হুগলির বাসিন্দা পেশায় গাড়ি চালক পার্থ সরকার লটারিতে এক কোটি টাকা জেতেন। প্রাক্তন বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে বলপূর্বক সেই টিকিট ছিনিয়ে নেন তার মালিক সুশান্ত সরকার। রাজ্য সরকার বদল হতেই পার্থ সরকার পানশালার মালিক সুশান্ত সরকার এবং প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে সুশান্ত সরকার গ্রেপ্তার হন। এবার পুলিশের জালে তীর্থঙ্কর ঘোষ। এই গ্রেপ্তারি নিয়ে বিজেপি নেতা জয় সাহা বলেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর পানিহাটি জুড়ে তান্ডব চলছিল। পানিহাটির মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এবার পানিহাটির মানুষ মুক্তি পাবে। জয়ের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তাঁর বাড়িতে বোমা মারা হয়েছিল। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। তার দাবি, তীর্থঙ্কর নেতা নন। উনি পানিহাটির গুন্ডা। উনি পানিহাটিকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিলেন। জয়ের সংযোজন, এবার তার পিতা নির্মল ঘোষের পালা। পানিহাটির মানুষ সেটাই দেখতে চাইছেন।