রবিবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, সিবিআই, ইডি এবং পুলিশের হাত থেকে বাঁচতেই তৃণমূলের নেতাকর্মীরা বিজেপির দিকে ঝুঁকছেন। অধীর চৌধুরীর কথায়, তৃণমূলের দলে থাকা পর্যন্ত এরা 'ডিম' হয়ে থাকে, আর বিজেপিতে গেলেই 'অমলেট' হয়ে যায়। তার দাবি, বিজেপির ডর ও ভয়ের হাত থেকে বাঁচতেই তৃণমূলের একটা বড় অংশ আশ্রয়ের সন্ধানে মরিয়া হয়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন। তিনি কটাক্ষ করে বলেন, এই দল বদলকে আমি কাগজের নৌকার সঙ্গে তুলনা করব। বর্ষাকালের জলে কাগজের নৌকা যেমন ভেসে যায়, তেমনি বিজেপির এই কাগজের নৌকাও বর্ষার জলে ভাসছে। রাজনৈতিক মহলে জল্পনা, বিরোধী এই নেতাদের দলবদলের নেপথ্যে কি তবে কোনো বড় পরিকল্পনা রয়েছে? সে বিষয়ে অধীর চৌধুরী বলেন, নির্বাচনে যারা জিতেছেন, তারা তাদের দায়িত্ব নিতে পারেন কি না সেটাই দেখার বিষয়। পরিশেষে অধীরবাবু পরিষ্কার জানিয়েছেন, অপরাধী গ্রেফতার হোক, তাতে তাদের আপত্তি নেই। কিন্তু অপরাধীর নামে সাধারণ মানুষের ওপর কোনো অত্যাচার বা হয়রানি যেন না করা হয়, সেদিকেও তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।