অয়ন মন্ডল (মুর্শিদাবাদ): খড়গ্রাম থানার তেলসুন্দি গ্রামে গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুজিত কুমার মুখার্জি। তার কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, তেলসুন্দি গ্রামে একটি সেতু নির্মাণের কাজ চলাকালীন এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ, সুজিত কুমার মুখার্জি নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান। ওই ঘটনায় চারজন আহত হন। আহতদের প্রথমে খড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর তদন্তে নেমে খড়গ্রাম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কী কারণে গুলি চালানো হয়েছিল এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ।