আন্দোলনকারী শ্রমিকদের পক্ষে অজয় বাউরী বলেন এই কারখানায় দুটি শিফটে প্রায় ৩৫০ জন কর্মী কাজ করে। ৫-ই মে ভোট গণনার পরদিন কর্তৃপক্ষ হঠাৎই ৩৫ জন শ্রমিককে কাজে আসতে মানা করে । বিনা নোটিশে তাদের কাজ থেকে বসিয়ে দেয় । কাজ ফিরে পেতেই তারা গেটে অবস্থানে বসেছেন বলে জানান অজয় বাউরি সহ অন্য কর্মহীন শ্রমিকরা । শ্রমিকদের সমর্থনে এই দিন কারখানার গেটের বাইরে প্রতিবাদ সভা করে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু । বক্তব্য রাখেন প্রবীন সিটু নেতা রঞ্জিত মুখোপাধ্যায় সুব্রত পাল'রা। রঞ্জিতবাবু বলেন বিনা কারণ দর্শিয়ে অন্যায় ভাবে কর্তৃপক্ষ ৩৫ জন শ্রমিককে কাজ থেকে বহিষ্কার করেছে। এই শ্রমিকরা দীর্ঘ দিন ধরে এই কারখানায় কর্মরত ছিলেন। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্ঘন করেছেন। অবিলম্বে শ্রমিকদের কাজে বহাল করতে হবে বলে দাবি জানান তিনি। তবে অন্য একটি সূত্রে জানা গেছে কর্মচুত শ্রমিকরা একসময় তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। ভোটে শাসন ক্ষমতা পরিবর্তনের পর স্থানীয় বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে এই শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেয় কর্তৃপক্ষ বলে অভিযোগ। যদিও শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।