এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

রণবীর সিংকে বড় সার্টিফিকেট শাহিদের

মুম্বইঃ একসময়ে মায়ানগরীর সেলেবপাড়ায় কান পাতলেই শাহিদ কাপুর বনাম রণবীর সিংয়ের ঠান্ডা লড়াইয়ের কথা শোনা যেত। বিটাউনের প্রথমসারির দুই তারকার দ্বন্দ্ব যে ‘ওপেন সিক্রেট’ ছিল, সেকথা বললেও অত্যুক্তি হয় না। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবত’ সিনেমার সেটে কীভাবে পদে পদে হেয় করা হত শাহিদকে? এক পডকাস্টে সেকথাই তুলে ধরেছিলেন ‘কবীর সিং’। তারপর কেটে গিয়েছে আট-আটটা বছর। একে-অপরের সঙ্গে আর কোনও সিনেমায় কাজ করা তো দূর অস্ত, এমনকী দুই অভিনেতার মুখ দেখাদেখিও নাকি বন্ধ ছিল! কিন্তু কথাতেই আছে, সময়ই সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। শাহিদ-রণবীরের ক্ষেত্রেও সম্ভবত এই প্রবাদ প্রযোজ্য। কারণ দীর্ঘ আট বছরের অপমান ভুলে রণবীর সিংকে এবার বড় সার্টিফিকেট দিলেন শাহিদ কাপুর। কীরকম? ‘ধুরন্ধর’ পরবর্তী অধ্যায়ে বলিউড এক রণবীরেই কাবু, বললেও অত্যুক্তি হয় না। ‘রাম’ হওয়ার সুবাদে বিগত কয়েক মাস ধরে রণবীর কাপুর লাইমলাইটে থাকলেও রণবীর সিংয়ের জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেননি! এমন আবহেই বেশ কিছু ফ্যান পেজ থেকে কাপুরনন্দনের ‘রাম’ অবতারের সঙ্গে রণবীর সিংয়ের তুলনা টেনে প্রশ্ন ছোঁড়া হয়েছে, ‘রামে’র ভূমিকায় কাকে বেশি মানাবে? আরেক পোস্টে উল্লেখ, রামায়ণ নিয়ে ফের কোনও সিনেমা হলে একমাত্র রণবীর সিংই এমন একজন অভিনেতা, যিনি রামচন্দ্র এবং রাবণের মতো দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্রকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারবেন। সেখানে ‘ধুরন্ধর’ অভিনেতার বহুমুখী প্রতিভারও প্রশংসা করা হয়। আর সেই পোস্ট ‘লাইক ঠুকেই’ চর্চার শিরোনামে শাহিদ কাপুর। বিষয়টি নজর এড়ায়নি ভক্তকুলেরও। রণবীর সিংয়ের প্রশংসা করা পোস্টে শাহিদ কাপুরের ‘লাইক’ দেখে রীতিমতো স্তম্ভিত নেটবাসিন্দারাও। অতঃপর ‘পদ্মাবত’-এর সেটে দীর্ঘ ৮ বছরের মান-অভিমান, অপমানের প্রসঙ্গও মনে করিয়ে দিয়েছেন তাঁরা। কারও মন্তব্য, ‘বাহ! ‘পদ্মাবত’ নিয়ে ক্রমাগত অভিযোগের পর শাহিদের কাছ থেকে এমন ইতিবাচক প্রতিক্রিয়া দেখে ভালো লাগল। কেউ বা মনে করিয়ে দিলেন, ‘শাহিদ তো একসময় ভাবতেই পারেননি যে রণবীর ‘কামিনে’র মতো চরিত্রে অভিনয় করতে পারেন! অথচ আজ নিজেই ‘পদ্মাবত’ সহ-অভিনেতার পিঠ চাপড়ে দিলেন।’ একাংশের কথায়, ‘শাহিদ কিন্তু ভুল বলেননি। রণবীর যেন বহুরূপী। তিনি যে চরিত্রেই অভিনয় করেন, তাতেই নিজেকে পুরোপুরি মিশিয়ে দেন।’ এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটভুবন। উল্লেখ্য, এক পডকাস্টে শাহিদ কাপুর বলেছিলেন, “পদ্মাবত-এর সেটে পদে পদে আমার সঙ্গে এমন আচরণ করা হত যেন, আমার মধ্যে খামতি রয়েছে।…” কাট টু ২০২৬। সেসব মান-অভিমান ভুলে রণবীর সিংকে বড় সার্টিফিকেট দিলেন শাহিদ কাপুর।
Ganamadhyam
06 August, 2026
ই-পেপার