আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বিশেষ কর্মী নিয়োগ ও বিমা সুবিধার দাবি
নিজস্ব সংবাদদাতা(বর্ধমান): বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার পূর্ব বর্ধমান জেলা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা কমিটি। আশা কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ কমানো, আয়ুষ্মান ভারত প্রকল্পের ডেটা এন্ট্রির জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ এবং কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে ঘোষিত আর্থিক সহায়তা কার্যকর করার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।
সংগঠনের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মূল দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের একাধিক অতিরিক্ত কাজ আশা কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ফর্ম পূরণ করার কাজ ইতিমধ্যেই আশা কর্মীরা সম্পন্ন করেছেন। কিন্তু সেই তথ্য অনলাইনে আপলোড বা ডেটা এন্ট্রির জন্য প্রয়োজনীয় কম্পিউটার, ইন্টারনেট ও প্রযুক্তিগত পরিকাঠামো তাদের কাছে নেই। এই পরিস্থিতিতে, ডেটা এন্ট্রির কাজের জন্য প্রশিক্ষিত কম্পিউটার- জানা কর্মী নিয়োগের দাবি জানিয়েছে ইউনিয়ন। তাদের বক্তব্য, প্রযুক্তিগত সুবিধা ছাড়া এই অতিরিক্ত কাজ আশা কর্মীদের পক্ষে বাস্তবসম্মত নয়। এছাড়াও, কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার যে ঘোষণা পূর্ববর্তী রাজ্য সরকারের বাজেটে করা হয়েছিল, তা এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ সংগঠনের। অবিলম্বে সেই ঘোষণা বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে নতুন সরকারের কাছে।
ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে দাবি জানানো হয়েছে, আশা কর্মীদের ন্যায্য দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রশাসন যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।