এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

চারশো বছরের গোপীবল্লভপুরের শ্রীপাট রাধাগোবিন্দ জিউ মন্দির পেল অনুদান

স্বপ্নীল মজুমদার(ঝাড়গ্রাম): চারশো বছরেরও বেশি পুরনো এক ঐতিহ্যের পাশে এ বার সরকারি স্বীকৃতি। জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী গোপীবল্লভপুরের শ্রীপাট রাধাগোবিন্দ জিউ মন্দিরের রথযাত্রার জন্য প্রথম বার পাঁচ লক্ষ টাকার সরকারি অনুদান মিলল। সোমবার ঝাড়গ্রাম জেলা কালেক্টরেটে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপাট গোপীবল্লভপুরের বর্তমান মহান্ত কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামীর হাতে অনুদানের চেক তুলে দেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং পুলিশ সুপার মানব সিংলা।
Ganamadhyam
14 July, 2026
ইতিহাস অনুযায়ী, ১৬১৫ খ্রিস্টাব্দে বৈষ্ণবাচার্য শ্যামানন্দ এবং তার শিষ্য রসিকানন্দের উদ্যোগে এই রথযাত্রার সূচনা। সেই থেকে প্রতিবছর রথের দিন শ্রীপাট রাধাগোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় দুটি রথ। একটিতে বিরাজ করেন জগন্নাথ ও সুভদ্রা, অন্যটিতে বলরাম। শতাব্দীপ্রাচীন এই রথযাত্রাকে ঘিরে আজও ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি। রথের দড়িতে হাত দিতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। বর্তমান মহান্ত কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী জানান, জনশ্রুতি অনুযায়ী সপ্তদশ শতকের গোড়ায় মুঘল সম্রাট প্রতিবছর এই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং রাজ্যের মঙ্গল কামনায় শ্যামানন্দ গোস্বামীর কাছে একটি স্বর্ণমুদ্রা পাঠাতেন। তার কথায়, এটি জেলার সবচেয়ে প্রাচীন রথযাত্রা। এত দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও এবারই প্রথম সরকারি অনুদান পেলাম।’’ তাঁর আশা, সরকারের এই আর্থিক সহায়তা শুধু রথযাত্রার আয়োজনকে আরও সুসংগঠিত করবে না, একই সঙ্গে জেলার এই ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ই-পেপার