এক ঝলক
কেন গুন্ডাদমন আইন, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান রাজ্যসভার উপনির্বাচনের তিনটি আসনের মনোনয়ন পেশ সুখেন্দুদের ইডির বিরুদ্ধে মামলা কালীঘাট তৃণমূলের

টাকা কই প্রশ্ন তুলে মৌলানিতে পথ অবরোধ শতাধিক মহিলার

শৈলেন রায়(ক্রান্তি): অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক মহিলা। সোমবার দুপুরে ক্রান্তি ব্লকের চক মৌলানি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ৭১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। এর জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তারা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোগ্য উপভোক্তা।
Ganamadhyam
14 July, 2026
সরকারি নির্দেশ মেনে অফলাইন ও অনলাইন—দুই পদ্ধতিতেই আবেদন জমা দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা জমা পড়েনি। বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনও সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে দাবি তাদের। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। ক্ষুব্ধ মহিলারা গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন ৭১৭ নম্বর জাতীয় সড়কে বসে পড়েন। প্রায় আধঘণ্টা অবরোধ চলায় রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন। আটকে পড়েন অফিসযাত্রী, স্কুলপড়ুয়া ও সাধারণ পথচলতি মানুষ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। পরে প্রশাসনের উদ্যোগে বিক্ষোভকারী মহিলাদের প্রতিনিধিদের সঙ্গে ব্লক প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৌলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান রনজিৎ রায়। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের বকেয়া টাকা ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই অধিকাংশ সমস্যার সমাধান হবে বলেও জানানো হয়েছে।
ই-পেপার