পুলিশি অভিযানে অবৈধ জুয়ার আসরের পর্দাফাঁস, গ্রেপ্তার ১০
সার্থক কুমার দে(দুর্গাপুর) : রবিবার গভীর রাতে দুর্গাপুর-ফরিদপুর থানার ইচ্ছাপুর এলাকার মাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে গোপনে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৬০০ টাকা উদ্ধার হয়েছে।
পাশাপাশি জুয়ার খেলায় ব্যবহৃত চার প্যাকেট তাস এবং ছ'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই পরিত্যক্ত ঘরে রাতে জুয়ার আসর বসার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গোপন নজরদারি চালিয়ে অভিযান চালানো হয়। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।