ওয়াশিংটন : বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই ইতিহাসের সাক্ষী হওয়া এক ম্যাচ। সেই ঐতিহাসিক মুহূর্তের একটি অংশ এবার নিজের সংগ্রহে রাখার সুযোগ দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল যে মাঠে অনুষ্ঠিত হবে, সেই নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের মাঠের ঘাসের ছোট ছোট টুকরা বিশেষ স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে তারা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ফিফার তথ্য অনুযায়ী, মাঠের ঘাস সংরক্ষণের জন্য প্রতিটি টুকরাকে বিশেষ স্বচ্ছ রেজিনে আবদ্ধ করা হয়েছে।
একটি স্মারকের দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, প্রায় ৫৫ হাজার টাকারও বেশি। তবে এসব স্মারক ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বর্তমানে শুধু আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় এগুলো সরবরাহ করা হবে। অ্যাক্রিলিকের তৈরি স্মারকটির ওপর খোদাই করা থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ফাইনালের ভেন্যুর নাম, ম্যাচের তারিখ এবং চূড়ান্ত ফলাফল। পাশাপাশি একটি ইউএসবি ড্রাইভ দেওয়া হবে, যাতে থাকবে ঘাসটির আসল হওয়ার ডিজিটাল সনদ বা ‘অথেনটিসিটি ফিল্ম’। এই স্মারক তৈরির দায়িত্ব পেয়েছে লন্ডনের প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’। তাদের ওয়েবসাইটে আরও তিনটি বিশেষ সংস্করণ বিক্রি হচ্ছে, যেগুলোর মূল্য যথাক্রমে ৯০০, ১২০০ এবং ৩ হাজার মার্কিন ডলার। প্রতিটি সংস্করণের জন্য মাত্র ২ হাজার ২৬টি করে স্মারক তৈরি করা হয়েছে। সবগুলো বিক্রি হলে এসব স্মারক থেকেই ফিফার আয় ১ কোটি ১২ লাখ ডলারের বেশি হতে পারে।