বিশ্বজিৎ সাহা(মালদহ ): জনগণনা ২০২৭-এ সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং স্ব-গণনা সম্পর্কে গ্রামীণ এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন।
‘হাটে হাটে স্ব-গণনা’ নামে জেলা-ব্যাপী এই প্রচারাভিযানের সূচনা করা হয়েছে, যার মাধ্যমে জেলার বিভিন্ন গ্রামীণ হাট ও বাজারে পৌঁছে দেওয়া হবে স্ব-গণনা সংক্রান্ত তথ্য, সচেতনতা এবং প্রয়োজনীয় সহায়তা।রবিবার মালদা টাউন হলে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ, জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কবৃন্দ, জেলাশাসক এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তারা জনগণনা ২০২৭-এ প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। এর পাশাপাশি হাটভিত্তিক কর্মসূচির উদ্বোধন করা হয় পুরাতন মালদা ব্লকের পোপড়া শনিবারী হাটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা। সেখানে সাধারণ মানুষকে স্ব-গণনার প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং অংশগ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ মানুষের কাছে হাট হলো সবচেয়ে পরিচিত ও সহজলভ্য জনসমাগমের স্থান। তাই হাটকে কেন্দ্র করে প্রচার চালালে পার্শ্ববর্তী গ্রাম, প্রত্যন্ত এলাকা এবং বিভিন্ন জনবসতির মানুষের কাছে সহজেই জনগণনা ২০২৭-এর বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রশাসনের আশা, এই বিকেন্দ্রীভূত উদ্যোগের মাধ্যমে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে স্ব-গণনা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং জনগণনা ২০২৭-এ সবার সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও নির্ভুল অংশগ্রহণ নিশ্চিত হবে।