বাড়ির পাশের পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
উৎপল রায়(ধূপগুড়ি) : খেলার ছলে অলক্ষ্যে পুকুরে পড়ে গিয়ে সলিলসমাধি ঘটল মাত্র দুই বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার ধূপগুড়ি ব্লকের গাদং-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি-পুন্ডিবাড়ি এলাকায়। ফুটফুটে শিশুটির নাম রাজিব সরকার (২)।
এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাই সরকারের দুই বছরের ছেলে রাজিব রবিবার সকালে বাড়ির উঠোনেই খেলাধুলো করছিল। কিছুক্ষণ পর হঠাৎই তাকে আর দেখতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা চারপাশে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ সন্ধান না মেলায় সন্দেহ হওয়ায় বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই নিথর অবস্থায় ভাসমান উদ্ধার করা হয় ছোট্ট রাজিবকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে স্থানীয় থানার পুলিশ।