সরাসরি নালিশ করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের। তাতেই সম্ভবত কাজ হয়েছে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেই শেষ হচ্ছে না রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটজীবন। আগামী দিনেও দেশের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন অধিনায়ক। যদিও সংশয় থেকেই গিয়েছে। ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচের পরই অজিত আগরকরেরা স্পষ্ট করে রোহিতকে জানিয়ে দেন, তাঁকে আর ভারতীয় দলের জন্য ভাবা হবে না। ইংল্যান্ড সিরিজ়ই শেষ। কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতেই বার্তা দেওয়া হয়েছিল রোহিতকে। আকস্মিক এমন বার্তা অপমানিত রোহিত যোগাযোগ করেন বোর্ড কর্তাদের সঙ্গে। প্রথমে বোর্ডকর্তাদের একাংশও বিশেষ আমল দেননি। কিন্তু বিতর্ক তৈরি হতেই নড়েচড়ে বসেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। শইকীয়া নিজে রোহিতের অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছে। আমি নিশ্চিত করে বলছি, লর্ডসে রোহিত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে এমন কোনও আলোচনা আমাদের মধ্যে হয়নি। ভারতের এক দিনের দলের নিয়মিত সদস্য রোহিত। যত দিন ও পরিকল্পনার মধ্যে রয়েছে, তত দিন দেশের হয়ে খেলে যাবে। এটুকু বলতে পারি লর্ডসে ও শেষ ম্যাচ খেলতে নামবে না।’’ আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত। দেশের হয়ে শুধু এক দিনের ম্যাচ খেলেন। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। তবে কিছু দিন ধরে চেনা ফর্মে দেখা যাচ্ছে না প্রাক্তন অধিনায়ককে। নির্বাচকেরা চাইছেন বিশ্বকাপের জন্য এখন থেকে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ওপেনারকে তৈরি করতে। সম্ভবত সে কারণেই রোহিতকে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, দলে থাকলে রোহিতকে বসিয়ে রেখে যশস্বীকে খেলানো কঠিন।