শিলদা কলেজের আদিবাসী হোস্টেল চালুর আশ্বাস বিজেপি বিধায়কের
সৌমেন আদক (ঝাড়গ্রাম): ২০১৪ সালে নির্মিত হলেও এক দশকেরও বেশি সময় ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে থাকা শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের ১০০ শয্যার আদিবাসী ছাত্রাবাস এবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নবনির্বাচিত বিজেপি বিধায়ক ডাঃ প্রণত টুডু হোস্টেল পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন। কলেজ সূত্রে জানা যায়, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসনের জন্য ২০১৪ সালে এই হোস্টেল নির্মিত হয়। কিন্তু নির্মাণের পর থেকেই সেটি ব্যবহার না হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার আবেদন জানিয়েও আগের সরকারের আমলে হোস্টেলটি চালুর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি বিধায়ক ডা. প্রণত টুডু হোস্টেল পরিদর্শন করে ভবনের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং দ্রুত সংস্কার ও চালুর আশ্বাস দেন। তার বক্তব্য, আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অচিরেই হোস্টেলটি চালুর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। বিধায়কের এই আশ্বাসে কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।