এক ঝলক

ন্যায্য মূল্যে বালির দাবিতে পাণ্ডবেশ্বর বিডিও অফিসে বিক্ষোভ

সার্থক কুমার দে (দুর্গাপুর) : ন্যায্য মূল্যে বালি সরবরাহের দাবিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক ও ট্রাক মালিকদের একাংশ। পরে তারা পাণ্ডবেশ্বরের বিডিও গোপাল সরকারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
Ganamadhyam
08 July, 2026
বিক্ষোভকারীদের অভিযোগ, গত দুই থেকে তিন মাসে বালির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। বর্তমানে এক ট্রাক্টর বালি কিনতে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। অথচ সরকার নির্ধারিত মূল্য ট্রাক্টর প্রতি প্রায় বারোশো টাকা। সেই নির্ধারিত দামে কোথাও বালি মিলছে না। তাদের বক্তব্য, বালির লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে নির্মাণ খরচ ব্যাপক বেড়ে গিয়েছে। অনেক নির্মাণকাজ বন্ধ হওয়ার মুখে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক, ট্রাক মালিকসহ এই শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকা ও আয়ের ওপর। তাছাড়া বালির লাগামছাড়া দামের ফলে সমস্যায় পড়েছে সরকারি আবাসন পাওয়া উপভোক্ততারাও। অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করে নির্ধারিত মূল্যে বালি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা। এ প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের বিডিও গোপাল সরকার বলেন, বালি সংক্রান্ত বিষয়টি মূলত বিএলআরও দপ্তরের আওতাভুক্ত। তবে বিক্ষোভকারীদের অভিযোগ ও দাবি তিনি গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন।
ই-পেপার