এক ঝলক
তারাতলায় নির্মীয়মান শেড ভেঙে মৃত্যু ভাটপাড়ার কৃষ্ণার বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ প্রয়াত বিধায়কের বাড়িতে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা শিশু মঙ্গল সমিতি মামলায় উদয়ন গুহ জেল হেফাজতে।

বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

স্বপ্নীল মজুমদার(ঝাড়গ্রাম): এক পশলা বৃষ্টি হলেই রাস্তার গর্তে জমছে জল। কোথাও উঠে এসেছে পাথর, কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল-কলেজগামী পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রী— সকলেরই অভিযোগ, বেহাল রাস্তার কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সেই ক্ষোভ থেকেই বুধবার রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে সামিল হলেন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
Ganamadhyam
25 June, 2026
বুধবার সকালে জয়নগর ও মাটিহানার মোড়ে দহিজুড়ি-বৈতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের সঙ্গে আন্দোলনে অংশ নেয় এলাকার পড়ুয়ারাও। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে তা তুলে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, কুলডিহা, মাটিহানা, জয়নগর, তেঁতুলডাঙা, বিন্দুকাটা-সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ভরসা দহিজুড়ি-বৈতা এবং মাটিহানা- সেবায়তন রাস্তা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে দুই রাস্তারই অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। দহিজুড়ি-বৈতা সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে গভীর গর্ত। ভারী যান চলাচলের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ। অন্য দিকে, মাটিহানা থেকে কেউদি হয়ে সেবায়তন যাওয়ার রাস্তায় বহু জায়গায় পিচের স্তর উঠে গিয়ে পাথর বেরিয়ে এসেছে। কোথাও আবার বড় বড় গর্ত তৈরি হয়েছে।
বাসিন্দাদের দাবি, সেবায়তনে স্কুল, পলিটেকনিক কলেজ, আইটিআই, স্বাস্থ্যকেন্দ্র এবং বাজার থাকায় প্রতিদিন বহু মানুষকে ওই রাস্তা ব্যবহার করতে হয়। বৃষ্টির জল গর্তে জমে থাকায় পথের বিপদ আরও বেড়েছে। প্রায়শই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কাজ শুরু হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।বুধবার সেই ক্ষোভই পথ অবরোধের রূপ নেয়। আন্দোলনকারীদের দাবি, আর সাময়িক মেরামত নয়, দ্রুত পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু করতে হবে। পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হলেও দ্রুত ব্যবস্থা না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।
ই-পেপার