মহিষাদলে সাড়ে তিন বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার
সৌমেন আদক (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামগরা-২ অঞ্চলে সাড়ে তিন বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনায় সেখ মফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিষাদল থানার পুলিশ। অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন।
গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, অভিযুক্তের দোকান তাদের দোকানের পাশেই। দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত সে। মঙ্গলবার রাতে দোকান বন্ধের সময় শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়দের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন, অভিযুক্ত সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছিল।
অভিযোগ, কিছুক্ষণ পর শিশুটিকে বাড়ি ফিরিয়ে আনার পরে সে শারীরিক অস্বস্তির কথা জানায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মহিষাদল থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে বাধা দেওয়া ও হামলার অভিযোগ ওঠে। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ শুরু হয়। রাতে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিন সকালে অভিযুক্তের দোকানের সামনে উত্তেজিত জনতার বিক্ষোভের পর দোকানে আগুন লাগানোর ঘটনাও ঘটে।
ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার। স্থানীয় প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ এবং পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা—দুই দিকই খতিয়ে দেখছে পুলিশ।