এই রিয়্যালিটি শো-তে যাওয়ার পরেই আকাঙ্ক্ষা ঘোষণা করেন, গৌরবের সঙ্গে তাঁর বিচ্ছেদ প্রক্রিয়া চলছে। এর পরেই তিনি প্রকাশ করেন যে, তিনি উভকামী। মহিলাদের প্রতিও তিনি আকৃষ্ট নন। সম্প্রতি নিজের যৌন অভিরুচি নিয়ে ফের মন্তব্য করেন আকাঙ্ক্ষা। এবার অভিনেত্রী জানান, তিনি যৌনঅনুভূতিহীন। আকাঙ্ক্ষা জানান, বর্তমানে তাঁর বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলছে। সেই কারণে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তাঁর ভাবনা বদলে গিয়েছে। জীবনের এই পর্যায়ে নারী বা পুরুষ, কারও সঙ্গেই শারীরিক সম্পর্কের কোনও আকাঙ্ক্ষা নেই তাঁর। সাম্প্রতিক একটি পর্বে আকাঙ্ক্ষাকে রিয়্যালিটি শো-এর আর এক প্রতিযোগী বরুণ যাদবের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাঁদের আলোচনার বিষয় ছিল প্রেম, বিয়ে এবং মন ভাঙা নিয়ে। বরুণ জানতে চান, আকাঙ্ক্ষা কি ভবিষ্যতে আবার বিয়ে করার কথা ভাববেন? উত্তরে আকাঙ্ক্ষা বলেন যে, তিনি সেই ভাবনা পুরোপুরি বাদ দিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমার মনে একটা ভয় বসে গিয়েছে।” এর পর বরুণ তাঁর যৌন পরিচয় সম্পর্কে জানতে চান। অভিনেত্রী জানান, মানুষের মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে যৌন পরিচয়ও বদলাতে পারে।