আলিপুরদুয়ারে হিংসার মামলায় গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির নেতা
মলয় দেবনাথ (আলিপুরদুয়ার): ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় আলিপুরদুয়ার জংশন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তপন করকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ভোট-পরবর্তী অশান্তির সময় প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তি আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ডিএস কলোনি সংলগ্ন তার দোকান থেকে প্রায় ৫০ বস্তা সিমেন্ট, আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের লোহার রড এবং নগদ ১৪ হাজার টাকা লুট করা হয়েছিল। ওই ঘটনার তদন্তে পুলিশ তপন করকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে চলা তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের পর এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, গ্রেপ্তার হওয়ার পর তপন কর সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করা হচ্ছে। তার বক্তব্য, আমি ভালো তৃণমূল হতে রাজি নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছি। সেই কারণেই আমাকে এই ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। তপন করের এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। যদিও অভিযোগকারী পক্ষের দাবি, এটি সম্পূর্ণ আইনগত বিষয় এবং দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।