বিভিন্ন দাবিতে বর্ধমান চলো’র ডাক, কালনায় বাম সংগঠনগুলির
নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানের কালনায় বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে ১৫ দফা দাবির সমর্থনে রবিবার একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। আগামী ১০ আগস্ট ‘জেল ভরো আন্দোলন’-এর অংশ হিসেবে ‘বর্ধমান চলো’ কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল পতাকা ও দাবি- সম্বলিত ব্যানার। ব্যানারে শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিল, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি ঋণ মুকুব, মনরেগায় ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি, লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সরকারি দপ্তরে শূন্যপদে স্থায়ী নিয়োগ এবং নারীর নিরাপত্তা ও সমানাধিকারের মতো একাধিক দাবি তুলে ধরা হয়।আয়োজকদের দাবি, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র-যুব ও মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাই আগামী ১০ আগস্টের ‘বর্ধমান চলো’ কর্মসূচিকে সফল করতে সকল স্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।