গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন সংস্থার এবং বিভিন্ন মডেলের মোট ৪০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতি থানার বৈষ্ণবডাঙ্গা আজিদ মোড় এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই ৪০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলির মধ্যে একাধিক নামী কোম্পানির বিভিন্ন মডেলের স্মার্টফোন রয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মোবাইলগুলি চুরির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল এবং অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে সেখানে মজুত করা রাখা হয়েছিল। পুলিশ এই ঘটনায় মন্টু মহলদার (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের বাড়ি সুতি থানার দহারপাড় ডাকঘরের অন্তর্গত পুরানা খান বাড়ি গ্রামে। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা রুজু করে তাকে আদালতে তোলা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই চোরাই মোবাইল চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, কোথা থেকে ফোনগুলি সংগ্রহ করা হতো এবং কোথায় সেগুলি বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।