সার্থক কুমার দে (দুর্গাপুর ): অন্ডাল, লাউদোহা ও পাণ্ডবেশ্বর এলাকার বিভিন্ন মন্দিরে চুরির ঘটনায় এক অভিযুক্ত ও চুরির সামগ্রী কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চলতি মাসের ৭ তারিখ বৈদ্যনাথপুর এলাকা থেকে শেখ নবীন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।ধৃতকে পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে লাউদোহা মোড়ের ব্যবসায়ী শেখ আনোয়ারের নাম উঠে আসে। চুরির সামগ্রী কেনার অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়।ধৃত শেখ নবীন দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে রাঙ্গামাটি গ্রামে থাকে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী।পরপর মন্দিরে চুরির ঘটনায় দুই জন গ্রেফতার হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।