নিজস্ব সংবাদদাতা (শাসন): ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের বার্তা দেওয়ার পাশাপাশি দুর্গাপুজো সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুজো কমিটি গুলির হাতে রাজ্য সরকারের আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো। উত্তর ২৪ পরগণার বারাসাত মহকুমার শাসন থানা সংলগ্ন একটি কমিউনিটি হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শাসন থানা এলাকার মোট ৪১টি পুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভম বাজাজ, বারাসাত-২ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম ও শাসন থানার আইসি মহম্মদ আসিফ সানিরা। তাদের উপস্থিতিতে পুজো উদ্যোক্তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এ দিন পুজো কমিটি গুলিকে ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়। পুজোর দিনগুলিতে মণ্ডপ ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমা জল সরিয়ে ফেলা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ করার উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, দুর্গাপুজোর সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত শব্দে মাইক ও সাউন্ডবক্স না বাজানো এবং মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি করা রুখতে কড়া নজরদারির বিষয়েও পুজো উদ্যোক্তাদের সতর্ক করা হয়। উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার বার্তাও দেওয়া হয়। রাজ্য সরকারের আর্থিক সহায়তার পাশাপাশি প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে পুজো কমিটি গুলিকে সামাজিক সচেতনতা ও নিরাপদে উৎসব পালনের বিষয়ে আরও দায়িত্বশীল করে তোলার চেষ্টা করা হয়।