এক ঝলক
পুজোর মুখে রাজ্য পুলিশে বড়সড় নিয়োগ

কুলতলিতে চুরির ঘটনায় গ্রেফতার ৫, উদ্ধার নগদ ও সোনা-রুপোর গয়না

হাসান লস্কর (কুলতলি): কুলতলির একাধিক চুরির ঘটনার তদন্তে নেমে কৈখালি এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের মধ্যে দু’জন মহিলা ও তিনজন পুরুষ। তাঁদের মধ্যে রয়েছেন ভূতনাথ নস্কর ও তাঁর স্ত্রী লক্ষ্মী নস্কর। ধৃতদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং সোনা-রুপোর গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগ, ভূতনাথ ও লক্ষ্মী মিলে একটি চুরির চক্র গড়ে তুলেছিলেন। দিনের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে বাড়িঘর ও মূল্যবান সামগ্রীর উপর নজর রাখার পর রাতে চুরির ঘটনা ঘটানো হতো বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ভূতনাথের বিরুদ্ধে আগে ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার স্ত্রী লক্ষ্মীও অতীতে ক্যানিং থানা এলাকায় চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন বলে জানা গিয়েছে। পুরনো সোনা বদলে নতুন গয়না নেওয়ার নাম করে সোনার দোকান থেকে গয়না নিয়ে পালানোর অভিযোগও উঠেছে ভূতনাথের বিরুদ্ধে। গত কয়েক সপ্তাহে কুলতলি থানা এলাকার বিভিন্ন জায়গায় পরপর চুরির ঘটনার তদন্তে নেমে প্রথমে দুই মহিলার সন্ধান পায় পুলিশ। পরে তদন্তের সূত্র ধরে কৈখালি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের সঙ্গে কুলতলির একাধিক চুরির ঘটনার যোগসূত্র এবং এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা। তাদের মধ্যে তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
Ganamadhyam
14 October, 2026
ই-পেপার