এক ঝলক
পুজোর মুখে রাজ্য পুলিশে বড়সড় নিয়োগ শান্তিপূর্ণ জমায়েতে ধরপাকড় নয়, আইন মেনে পদক্ষেপ করতে হবে: সুপ্রিম কোর্ট কৃতী মানুষ ও যুবসমাজকে ভোটে নামার আহ্বান সুকান্ত মজুমদারের কলেজ পড়ুয়াদের সিজিপি’তে যোগদানে বিপুল অঙ্কের টাকার টোপ, অভিযোগে সরব পুরশুড়ার বিধায়ক সিজেপির অভিযোগ, আন্দোলনে সাধারণ মানুষকেও তুলে নিয়ে গেছে পুলিশ

মেগা সেলিব্রেশনের ভাবনা বোর্ডের

মুম্বাই : ২০ বছরে পড়তে চলেছে আইপিএল। সেই উপলক্ষে সেলিব্রেশনের ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ১৫ অক্টোবর আইপিএলের সব পক্ষকে নিয়ে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। গত মরশুমের পর্যালোচনার পাশাপাশি আগামী আইপিএলের পরিকল্পনা তৈরি করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার পরিচালনায় কী কী পরিবর্তন প্রয়োজন, তা নিয়েও আলোচনা হবে। বিসিসিআই ও আইপিএলের কর্তাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকার কথা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও সিইওদের। ফলে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানও বৈঠকে থাকতে পারেন। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। বিশেষ করে যে সংস্থাগুলি আইপিএলের ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকে, তাদের মতামতকে গুরুত্ব দিতে চাইছে বোর্ড। সেই সূত্রে বৈঠকে থাকতে পারেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিযোগিতার সম্প্রচার সংস্থার প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা। মুম্বইয়ের এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। গত মরশুমে যেসব ভুলত্রুটি সামনে এসেছিল, সেগুলির পুনরাবৃত্তি চায় না বোর্ড। সব ক্ষেত্রেই আরও উন্নত ব্যবস্থা কীভাবে গড়ে তোলা হবে, সেই বিষয়ে মতামত নেওয়া হবে। এবার আইপিএলের ২০ বছর পূর্ণ হতে চলেছে। বিসিসিআইয়ের গত বার্ষিক সাধারণ সভায় প্রতিযোগিতার দু’দশক পূর্তি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা কীভাবে করা হবে, তার পরিকল্পনাও করা হবে ১৫ অক্টোবরের বৈঠকে। সব পক্ষের পরামর্শ নিয়েই চূড়ান্ত পরিকল্পনা তৈরি করতে চান বিসিসিআই কর্তারা। আইপিএল নির্বিঘ্নে আয়োজনের ক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থাগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ প্রস্তুত করা থেকে শুরু করে ম্যাচ পরিচালনার নানা দায়িত্ব সামলাতে হয় তাদের। তাই রাজ্য সংস্থাগুলির সমস্যার বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে। ফ্র্যাঞ্চাইজি এবং রাজ্য সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও মসৃণ করার উপর বিশেষ জোর দিতে চাইছে বোর্ড। সব মিলিয়ে, আগামী আইপিএলকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি প্রতিযোগিতার ২০ বছর পূর্তিকে স্মরণীয় করে তোলার রূপরেখা তৈরির লক্ষ্যেই ১৫ অক্টোবরের বৈঠক।
Ganamadhyam
12 October, 2026
ই-পেপার