আর্জেন্টিনা : আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার চার দিনের মধ্যেই ক্লাবের হয়ে মাঠে নেমে জোড়া গোল লিওনেল মেসির। দেখা গেল ‘মেসি ম্যাজিক’-ও তাঁর দুরন্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারাল ইন্টার মায়ামি। বাকি দু’টি গোল লুইস সুয়ারেজের।চার দিন আগে বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মেসি। সেই ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। এবার ক্লাবের জার্সিতে ফিরেই জোড়া গোল পেলেন এলএম১০। মায়ামির হয়ে গোলের খাতা খোলেন সুয়ারেজ। ম্যাচের ৩ মিনিটেই বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন উরুগুয়ের প্রাক্তন অধিনায়ক। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। সুয়ারেজের দু’টি গোলের পিছনেই অবদান ছিল বেরতেরামের।প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের রং বদলে দেন মেসি। ৪৭ মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটের গোলে স্কোর লাইন ৩-০ করেন তিনি। ৬০ মিনিটে মেসির দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। ডিসি ইউনাইটেডের তিন ফুটবলারকে কাটিয়ে বল জালে জড়ান আর্জেন্টিনার মহাতারকা। যে ধরনের গোল দেখতে অভ্যস্ত ফুটবলপ্রেমীরা, সেই চেনা মেসিকেই যেন ফিরে পেলেন তাঁরা।জোড়া গোলের ফলে চলতি লিগে মেসির গোলসংখ্যা বেড়ে হল ২৩। ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। তবে চর্চা চলছে মেসির জোড়া গোল নিয়েই। কেরিয়ারের ৯৩৪তম গোল পেলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরেও যে তাঁর পায়ের জাদু একটুও ফিকে হয়নি, আরও একবার বুঝিয়ে দিলেন দেশের জার্সি গায়ে ১২৬ গোল করা মহাতারকা।