এক ঝলক

সীমান্তে রাতের অন্ধকারে ‘মোবাইল পাচার, বিএসএফের জালে ধৃত ১

প্রদীপ কুন্ডু (কোচবিহার): রাতের অন্ধকারে সীমান্তের সংযোগকারী রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল তিনজন। হাতে ছিল প্লাস্টিকের ব্যাগ। দূর থেকেই তাদের গতিবিধি নজরে পড়ে বিএসএফ জওয়ানদের। সন্দেহ হতেই দেওয়া হয় থামার নির্দেশ। কিন্তু অভিযোগ, নির্দেশ কানে না তুলে আচমকাই দৌড়! মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হয় এলাকা। শেষ পর্যন্ত বিএসএফের জালে ধরা পড়ল একজন। আর তার কাছ থেকে যা উদ্ধার হল, তাতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪ নম্বর ব্যাটালিয়নের বিওপি তালাই-এর বিএসএফ জওয়ানদের অভিযানে উদ্ধার হয়েছে ৪৯টি ব্যবহৃত মোবাইল ফোন। বিএসএফের দাবি, উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা। ঘটনাটি বিওপি তালাই-এর আওতাধীন ৫৬ পুলিয়া সংলগ্ন সীমান্ত এলাকার। গভীর রাতে ওই এলাকার একটি সংযোগকারী রাস্তায় নিয়মিত টহল চালাচ্ছিল বিএসএফের দল। সেই সময় তিন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে এগিয়ে যেতে দেখা যায়। জওয়ানরা তাদের থামার নির্দেশ দিতেই পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগ, তিনজনই পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন বিএসএফ জওয়ানরা। এলাকা ঘিরে ফেলে শুরু হয় ধাওয়া ও তল্লাশি। অন্ধকারের সুযোগ নিয়ে দু’জন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন জওয়ানরা। ধৃত ব্যক্তির পরিচয় মোমিনুর শেখ (৩৩)। তিনি ঝাউকুটি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এরপর শুরু হয় আটক ব্যক্তির সঙ্গে থাকা সামগ্রীর তল্লাশি। আর সেখানেই কার্যত চক্ষু চড়কগাছ জওয়ানদের! পাঁচটি কার্টনের ভিতরে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে ৪৯টি ব্যবহৃত মোবাইল ফোন। বিএসএফ সূত্রে খবর, আটক ব্যক্তিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল গুলির উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। পরবর্তীতে আটক ব্যক্তি এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুফানগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের নজরে এখন আরও বড় প্রশ্ন—এটি কি বিচ্ছিন্ন কোনও ঘটনা, নাকি সীমান্তপথে ব্যবহৃত মোবাইল ফোন পাচারের পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র? সেই উত্তর খুঁজতেই তদন্ত এগোচ্ছে। তবে বিএসএফের দ্রুত তৎপরতায় ৪৯টি মোবাইল ফোন উদ্ধার এবং একজনকে আটক করার ঘটনায় সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে জওয়ানদের নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়টি ফের সামনে এল।
Ganamadhyam
07 October, 2026
ই-পেপার