এক ঝলক

বাম বনাম হিন্দু জাগরণ মঞ্চ, পুজোর স্টল নিয়ে ধুন্ধুমার  বনগাঁয়    

সোমনাথ পাল (বনগাঁ): শারদ উৎসবের বদলে দূর্গা পুজো লিখতে হবে। পূজোয় বামেদের স্টল নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে আগেই হুঁশিয়ারী দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একধাপ এগিয়ে সিপিএমের ৪০ বছরের স্টলের জায়গা দখলের অভিযোগ উঠল হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। মঙ্গলবার বনগাঁ থানার বাটার মোড় সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘদিন বামেদের দলীয় কার্যালয় অর্থাৎ পার্টি অফিস রয়েছে । দূর্গাপুজোয় প্রতিবার পার্টি অফিসের নিচে যশোর রোডের ধারে নিজেদের স্টল দেয় বামেরা। বিগত ৪০ বছর ধরে একই নিয়মে একই জায়গায় স্টল দেওয়া হয়। প্রতিবছরের মতো এবছরও ওই একই জায়গায় স্টল দিতে গেলে মঙ্গলবার ওই এলাকায় জড়ো হয় হিন্দু জাগরণ মঞ্চের বেশ কিছু সদস্য । অভিযোগ সে সময় বাম কর্মী সমর্থকদের উপর চড়াও হয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সেখানে তারা স্টল করবে বলে জানায় প্রতিপক্ষ হিন্দু জাগরণ মঞ্চ। বামেদের অভিযোগ তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক কে মারধরের পাশাপাশি হুমকি দেওয়া হয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে । স্থানীয় বাম নেতৃত্বের দাবি এক দু'বছর নয়, বিগত ৪০ বছর ধরে তারা ওই একই জায়গায় স্টল দিচ্ছেন। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চের দাবি, যারা ধর্ম মানে না পূজোতে তাদের স্টল দেওয়ার দরকার কি। স্টলের জয়গা দখলকে কেন্দ্র করে প্রথমে দু'পক্ষের বচসা পরে হাতাহাতিতে ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। এক মহিলা বাম কর্মীর অভিযোগ পুলিশের সামনেই কতিপয় যুবক তাদের মারধর ও শ্লীলতাহানী করে। নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। তবে বামেদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করে হিন্দু জাগরণ মঞ্চ। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
Ganamadhyam
07 October, 2026
ই-পেপার