এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন

চেন্নাই: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে নিশানা করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন এমকে স্ট্যালিনের পুত্র তথা তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন।
Ganamadhyam
05 August, 2026


মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার হওয়ার প্রায় চার ঘণ্টা পরে পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়ে যান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। পুলিশকে মাদ্রাজ হাই কোর্ট নির্দেশ দেয়,জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবারই তামিলনাড়ুর বিরোধী দলনেতাকে ছেড়ে দিতে হবে। তার পরেই থানা থেকে মুক্তি পেলেন উদয়নিধি। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে আক্রমণ করতে গিয়ে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে  উদয়নিধির বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছে রাজ্যের প্রাক্তন শাসকদল ডিএমকে। কাবেরী জলবণ্টন সংক্রান্ত ক্ষোভ থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করা হয়েছে। অভিনেতা- রাজনীতিক বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বহুচর্চিত বিষয় তামিলনাড়ুর রাজনীতিতে। সম্প্রতি কাবেরী জলবণ্টন নিয়ে একটি জনসভায় তা নিয়েই উদয়নিধি যৌন ইঙ্গিতপূর্ণ কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পুলিশে ৬টি লিখিত অভিযোগও দায়ের হয়। তার পরেই গ্রেফতারি এড়াতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন উদয়নিধি। যদিও তার আগেই গ্রেপ্তার করা হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। তার বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছে বিজয়ের দল টিভিকে। বিতর্কের সূত্রপাত তামিলনাড়ুর তাঞ্জজাভুরে ডিএমকের এক প্রতিবাদ কর্মসূচি ঘিরে। সেখানে বক্তৃতার সময়ে কাবেরী নদীর জলবণ্টন ঘিরে টানাপড়েন নিয়ে বিজয়ের সরকারকে আক্রমণ করেন উদয়নিধি। সমালোচনা করেন বিজয়ের। তিনি বলেন, “কাবেরীর জল এক ফোঁটাও পায়নি তামিলনাড়ু, অথচ মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদাসীন। সভাস্থলের ভিড় থেকে হঠাৎ ‘তৃষা তৃষা’ বলে স্লোগান ওঠে। তা শুনে বক্তৃতা থামিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে হেসে ওঠেন উদয়নিধি। তার পরে দ্বৈতঅর্থমূলক একটি মন্তব্য করেন স্ট্যালিনপুত্র উদয়নিধি। তা নিয়েই বিতর্ক। ওই মন্তব্যটি আপত্তিকর এবং নির্দিষ্ট ইঙ্গিতপূর্ণ বলে অভিযোগ তোলে টিভিকে। অভিনেত্রী তৃষার সঙ্গে বিজয়ের বন্ধুত্বের দিকে ইঙ্গিত করেই ওই মন্তব্য করা হয়েছে বলে বিজয়ের দলের একাংশের অভিযোগ। এ নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে তামিলনাড়ুর রাজনীতিতে। উদয়নিধির মন্তব্য ঘিরে থানায় অভিযোগ দায়ের হয়। ডিএমকে নেতাও আগাম জামিনের আর্জিতে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার বিকেলেই ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আদালতে। তার আগে মঙ্গলবার সকালেই চেন্নাইয়ের বাড়ি থেকে উদয়নিধিকে আটক করে পুলিশ।  অন্য দিকে ‘তৃষা’ স্লোগানের প্রতিবাদে ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনে চিঠি পাঠিয়েছে টিভিকে। বিজয়ের দলের অভিযোগ, দর্শকের স্লোগানে প্ররোচিত হয়ে উদয়নিধি একজন বিশিষ্ট মহিলার উদ্দেশে আপত্তিকর, দ্বৈতঅর্থমূলক মন্তব্য করেছেন এবং অশ্লীল ইঙ্গিত দিয়েছেন। তামিলনাড়ুর শাসকদলের অভিযোগ, একটি রাজনৈতিক মঞ্চ থেকে এই ধরনের ভাষা ব্যবহার করে নারীকে পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য জাতীয় মহিলা কমিশনকে অনুরোধ করেছে টিভিকে।
ই-পেপার