এক ঝলক
সিন্ডিকেট-কাটমানি বন্ধে চালু হলো হেল্পলাইন পুলিশকর্মীদের জন্য রেশন ভাতা বৃদ্ধি আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের পক্ষে সওয়াল আদালতের জমি মামলায় অতীন ঘোষকে সাময়িক স্বস্তি দিল আদালত জমি জালিয়াতি মামলায় সুমিতের আগাম সুরক্ষা বাতিল

সিন্ডিকেট-কাটমানি বন্ধে চালু হলো হেল্পলাইন

নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীর সরকার এবার কাটমানি, সিন্ডিকেটরাজ বন্ধ করতে রাজ্যে চালু করে দিল টোল ফ্রি হেল্পলাইন নম্বর।
Ganamadhyam
29 July, 2026


মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে চারটি টোল-ফ্রি নম্বর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুম।সেখান থেকেই এই টোল-ফ্রি নম্বরে আসা অভিযোগ খতিয়ে দেখা থেকে শুরু করে পরবর্তী পদক্ষেপ করা হবে। সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফোন করা যাবে এই চারটি নম্বরে। কাটমানি থেকে শুরু করে অবৈধ টোল হোক বা মদের ঠেক, যে কোনও ধরনের দুর্নীতি বা অপরাধের ক্ষেত্রে রাজ্যের মানুষ এই টোল-ফ্রি নম্বর ব্যবহার করতে পারবেন অভিযোগ জানাতে। কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট দুর্নীতির ১৫৫৩৩৩৫, বেআইনি ভাবে রাস্তায় ট্যাক্স নেওয়ার বিষয়ে ১৫৫৩৩৩৭ নম্বরে অভিযোগ জানানো যাবে। বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে ১৫৫৩৩৩৯ নম্বরে। এক্ষেত্রে প্রধানত যে কোনও প্রকার কাজের জন্য কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ, রাস্তায় বেআইনি টোল আদায়, বেআইনি মদের অভিযোগ জানানোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন, এই সুযোগের অপব্যবহার না-করতে। ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা তথ্য দিলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, টোল ফ্রি নম্বরে আসা সমস্ত ফোন রেকর্ড করা হবে। পরে সেই রেকর্ড প্রয়োজনে পুনরুদ্ধার করার ব্যবস্থা থাকবে। প্রাথমিক পর্যায়ে অভিযোগের শ্রেনিবিন্যাসের জন্য কৃত্রিম মেধার ব্যবহার করা হবে। এর পরের ধাপে পুলিশ আধিকারিকরা প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কত অভিযোগ নথিভুক্ত হল, তার কী ব্যবস্থা নেওয়া হল তার রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি রুখতেও কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে উঠছে। তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন বিধায়কদের অনেকেই এখন জেলে। ক্যাগ রিপোর্টেও দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে বলে খবর। সেই আবহে এবার কাটমানি রুখতে চালু করা হল টোল ফ্রি নম্বর। 
এ দিনও মুখ্যমন্ত্রী রাজ্য এবং কলকাতা পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের উপর জোর দেন এবং পুলিশের জন্য কল্যাণ পরিষদ গঠন করার আশ্বাস দেন। পুলিশে বর্তমান ৪৭ হাজার শূন্যপদ পূরণ সহ ১ লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। প্রতি লক্ষ জনসংখ্যায় উত্তরপ্রদেশের মতো পুলিশের সংখ্যা পর্যায়ক্রমে ২০০ করাই লক্ষ্য বলে জানান শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যে সেই সংখ্যা মাত্র ১০৬। পুলিশকর্মীদের আরও ফিট রাখতে, আরও বেশি খেলাধুলায় অংশগ্রহণ করার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ৫৫২টি থানার মধ্যে অন্তত ২৫০টি থানায় কেন্দ্রীয় সহযোগিতায় পরিকাঠামো উন্নয়ন করার কথা ঘোষণা করেন শুভেন্দু। পুলিশকর্মীদের সুবিধার কথা ভেবে,১৫ বছরের বেশি যারা চাকরি করছেন তাদের নিজের জেলায় কাজ করতে সুযোগ দেওয়া যায় কি না তা নিয়ে সরকার ভাবছে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।সেই সঙ্গে অক্টোবর মাস থেকে পুলিশের রেশন বরাদ্দের অর্থ ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ করার কথা ঘোষণা করেন তিনি।
ই-পেপার