নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে। ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৯.৪ কিলোমিটার উঁচুতে। অর্থাৎ, সাগরে তার অবস্থান এখন অনেকটাই স্পষ্ট। আগামী দু’তিন দিনে তা আরও সুস্পষ্ট হতে পারে। সঙ্গে এও জানানো হয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এই মুহূর্তে অবস্থান করছে।
ওই একটি অঞ্চলে সেটি শক্তি বাড়িয়ে আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার গভীর নিম্নচাপটি উত্তর ওড়িশা- পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। ফলে দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বঙ্গে। গাঙ্গেয় উপকূল ও সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর সেই কারণেই রবিবার বেলার পর থেকেই আবহাওয়া বদলে যাওয়ার প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও তার গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্তও। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত আর ঝড়বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি চলবে সর্বত্র। এদিকে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তার পর থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত। এ ছাড়া, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।