এক ঝলক
স্পিকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মামলা খারিজ সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, ইন্ডিয়া জোটের বিক্ষোভ বিক্ষোভ হলেই লাঠি চালানো যায় না, মন্তব্য সুপ্রিম কোর্টের কলকাতার দু'প্রান্তে জাতীয় পতাকা হাতে বিজেপির পাল্টা প্রতিবাদ মুক্তির সপ্তাহ ঘুরতেই অনলাইনে ফাঁস ‘দি ওডিসি’, কড়া পদক্ষেপ পরিবেশকের

সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, ইন্ডিয়া জোটের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: প্রশ্ন ফাঁস রুখতে সংসদে পেশ হল কঠোর বিল। বিরোধীদের হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং।
Ganamadhyam
28 July, 2026


বিলের লক্ষ্য, প্রশ্নফাঁস ও পরীক্ষায় সংগঠিত জালিয়াতির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিত করা। সোমবার অধিবেশনের শুরু থেকেই তা নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয় সংসদের উভয় কক্ষ। বিরোধীদের এই হইহট্টগোলের মাঝে সংশোধনী বিল পেশ হয় লোকসভায়। কেন্দ্রের দাবি, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সরকারি নিয়োগ, প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। সেই কারণেই ২০২৪ সালের আইনের আরও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সংশোধনী আনা হয়েছে। কেন্দ্রের মতে, এই বিল কার্যকর হলে পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত, বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। সোমবার অধিবেশনের শুরু থেকেই প্রশ্নফাঁস বিতর্কে বিরোধী সাংসদেরা হট্টগোল শুরু করেন। তার জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় উভয় কক্ষ। দুপুর ১২টায় ফের অধিবেশন বসলে বিরোধীদের হট্টগোলের মাঝে সংশোধনী বিলটি লোকসভায় পেশ করেন মন্ত্রী। তার পরেই ফের দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। অধিবেশনকক্ষের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখান ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা। অধিবেশন মুলতুবি থাকাকালীন রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, অখিলেশ যাদবেরা একযোগে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন কালীঘাট তৃণমূলের মহুয়া মৈত্রও। সংশোধনী বিলের সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে বলেন, প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির কথা উল্লেখ করে একটি বিল আনা হচ্ছে। মোদী সরকার খুব ভাল একটি পদক্ষেপ করছে। সংসদের অচলাবস্থা নিয়ে বিরোধীজোট ‘ইন্ডিয়া’কে খোঁচা দিয়ে তিনি বলেন, বিরোধীদের কাজই হল হট্টগোল করা। প্রশ্নফাঁস রোখার সংশোধনী বিল নিয়ে সংসদে দীর্ঘ আলোচনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তবে বিরোধীদের হট্টগোলের মাঝে দফায় দফায় অধিবেশন মুলতুবি হওয়ায় সংসদে অচলাবস্থা তৈরি হয়েছে। সূত্রের দাবি, দুপুর ১২টার পরে অধিবেশন মুলতুবি থাকাকালীন সংসদ ভবন চত্বরেই উচ্চপর্যায়ের বৈঠকে বসে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ওই বৈঠকে উপস্থিত ছিলেন। নিট প্রশ্নফাঁস বিতর্কে ছাত্র-যুবকদের বিক্ষোভ সদ্য স্তিমিত হয়েছে। পড়ুয়াদের উদ্দেশে কেন্দ্র আগেই আশ্বাস দিয়েছিল, প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনা হবে। সোমবার লোকসভায় পেশ হওয়া বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানারও প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত বিলে। নিট প্রশ্নফাঁস ইস্যু এবং দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে সরকার প্রবল রাজনৈতিক চাপে রয়েছে। সেই প্রেক্ষাপটে সংসদের চলতি অধিবেশনেই এই সংশোধনী বিল আনা হয়েছে। বিরোধীদের অভিযোগ, শুধু কঠোর আইন করলেই হবে না, অতীতের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ এবং পরীক্ষা পরিচালনার ব্যবস্থায় জবাবদিহিও নিশ্চিত করতে হবে।
ই-পেপার