এক ঝলক
স্পিকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মামলা খারিজ সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, ইন্ডিয়া জোটের বিক্ষোভ বিক্ষোভ হলেই লাঠি চালানো যায় না, মন্তব্য সুপ্রিম কোর্টের কলকাতার দু'প্রান্তে জাতীয় পতাকা হাতে বিজেপির পাল্টা প্রতিবাদ মুক্তির সপ্তাহ ঘুরতেই অনলাইনে ফাঁস ‘দি ওডিসি’, কড়া পদক্ষেপ পরিবেশকের

অমিত শাহকে চিঠি দিলেন রাহুল

নিজস্ব সংবাদদাতা: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।
Ganamadhyam
27 July, 2026

নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী দিল্লি। শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। যার জেরে বেশ কয়েকজন পড়ুয়া মারাত্মক ভাবে জখম হন। এমনকী মহিলা আন্দোলনকারীদের একাংশকে হেনস্থা করারও অভিযোগ ওঠে। ছাত্রদের ওপর লাঠিচার্জ করার নির্দেশ কে দিলেন, এই প্রশ্ন তুলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধি। তার প্রশ্ন, পুলিশ কি সেদিন তার নির্দেশেই ছাত্রদের ওপর লাঠি চালিয়েছিল? যদি শাহ সেই নির্দেশ না দিয়ে থাকেন, তা হলে কে দিলেন? সাধারণ পোশাকে যাদের ছাত্রদের মারধর করতে দেখা গিয়েছে, তারা কারা? শনিবার চিঠিটি লেখেন  রাহুল। রবিবার সকালে সেই চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। রাহুল গান্ধি চিঠিতে  লেখেন, ২০ জুলাই পড়ুয়াদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে বর্বরোচিত আঘাত করা হয়েছে, তার জবাব চাইছি। রাহুলের কথায়, তারা স্বচ্ছ শিক্ষাব্যবস্থার দাবিতে পথে নেমেছিলেন। তাদের দাবি শোনার পরিবর্তে আঘাত করেছে বাহিনী। রাহুলের দাবি, শয়ে শয়ে পড়ুয়া আহত হয়েছেন। মহিলা আন্দোলনকারীদের মারধর এবং তাদের গোপনাঙ্গ লক্ষ্য করে আঘাত করার অভিযোগও তুলেছেন রাহুল। তিনি জানতে চেয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি কি পড়ুয়াদের লক্ষ্য করে ছর্‌রা গুলি ছোড়ার অনুমতি দিয়েছিলেন? যদি তিনি না দেন, তবে কে দিলেন? সাধারণ পোশাকে যারা পড়ুয়াদের লাঠিপেটা করছিলেন, তারা কি পুলিশ, না কি স্বেচ্ছাসেবী? কারা তাদের নিয়োগ করলেন? রাহুল জানান, প্রতিবাদীদের রক্ষা করা, তাদের কথা শোনার দায়িত্ব আসলে সরকারের। কিন্তু এই সরকার তা করেনি। তার কথায়, পড়ুয়ারা, আমাদের দেশের ভবিষ্যতেরা এ বার তার জবাব চাইছে। ছর্‌রা লেগে আহত সাহিল লোহছাবকে নিয়ে গত শুক্রবার সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন রাহুল। তিনি ওই যুবকের শরীরের ক্ষত দেখিয়ে বলেছিলেন, সরকার ছর্‌রা ছোড়ার কথা অস্বীকার করছে। কিন্তু এই যে তার প্রমাণ! এর পরেই তিনি সুর চড়িয়ে বলেন, সরকার এ বার মিথ্যা বলা বন্ধ করুক। ওরা ভারতের ভবিষ্যৎকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। সেই ঘটনারও  উল্লেখ করেছেন শাহকে লেখা চিঠিতে।  নিট  প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাকে ‘দুর্নীতির প্রতীক’ বলে তোপ দেগেছেন রাহুল। তিনি আরও বলেন, অন্যায়ের প্রতিবাদ করা যুব সমাজকে মোদী ও  আরএসএস চেপে রাখতে পারবে না। এই লড়াই ভারতের ভবিষ্যতের জন্য লড়াই। মোদী সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই আন্দোলন আরও ১০ গুণ বড় আকার নিতে পারে। এ ছাড়াও, অন্যায়ের শিকার হওয়া পড়ুয়াদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আবেদনও জানিয়েছেন রাহুল গান্ধি।
ই-পেপার