ক্লান্ত হুমায়ুন চলে যাচ্ছেন দুবাই, আবার কি উপনির্বাচন?
অভিজিৎ মন্ডল (ফারাক্কা): রেজিনগরের পর কি এবার মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন আসন্ন হয়ে পড়লো? শুক্রবার রেজিনগর উপনির্বাচনে শোচনীয় ফলাফলের পর এমনই জল্পনা উস্কে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর।
প্রসঙ্গত, ২০২৬ বিধানসভা নির্বাচনে হুমায়ুন নিজে নওদা এবং রেজিনগর - দুটি কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। পরে তিনি রেজিনগর কেন্দ্র থেকে পদত্যাগ করায় গত ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর দু'টো পর্যন্ত গণনার ফলাফলে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তার জয় এখন কেবল সময়ের অপেক্ষা।
এই আবহেই ভোটগণনা চলাকালীন আজ হুমায়ুন কবীর বলেন, ৬৪ বছর বয়স হল আমার। ছোটবেলা থেকে কোনওদিন অন্যায় বরদাস্ত করিনি। সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছি। তাই আর যে কদিন বেঁচে থাকব, দুবাই গিয়ে সেখানে খাওয়া-দাওয়া করব, ঘুরব, সামুদ্রিক আবহাওয়া উপভোগ করবো তারপর সেখানেই কবরস্থ হব। কারণ এত অবিচারকারী, জুলুমকারী মানুষজনের সঙ্গে মানিয়ে নিতে পারব না এবং তাদের সঙ্গে কোনও সংঘর্ষে যেতে চাই না।
রেজিনগর উপনির্বাচনে ব্যাপক 'ভোট চুরি' এবং দলীয় কর্মীদের সঙ্গে হওয়া 'অন্যায়ের' জন্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। আক্ষেপের সুরে বলেন, এতদিন আমার যথেষ্ট মনোবল ছিল। কিন্তু এই সাহসী মনোভাব নিয়ে লড়াই করতে করতে আজ আমি ক্লান্ত।পুলিশ- প্রশাসন যেভাবে আমার দলের কর্মীদের ওপর অত্যাচার করছে, তা মেনে নিতে পারছি না। গত দু'মাস ধরে আমার দলের ৬৪ জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এতদিন মন সায় দিয়েছিল, তাই লড়াই করেছি, কিন্তু আর পারছি না। তবে রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এখনও আশাবাদী তিনি। তিনি জানান, এই মসজিদ নির্মাণের ঘোষণা আমি নিজেই করেছি, তাই আমার ওপরই এর দায়বদ্ধতা রয়েছে। আমার মুসলিম ভাইয়েরা যেভাবে আমাকে সাহায্য করেছে, তাই এই মসজিদ নির্মাণ করেই তারপর দুবাই যাব, যদি ততদিন বেঁচে থাকি।
মসজিদ নির্মাণের খরচের হিসেব দিয়ে নওদার বিধায়ক বলেন, এখনও পর্যন্ত মসজিদ নির্মাণের জন্য ১০ কোটি টাকারও কম উঠেছে। কিন্তু ৭০০ কোটি, ৫০০ কোটি টাকার গল্প শোনানো হচ্ছে। যে ১০ কোটি টাকার মতো উঠেছে, তাতেই জমি কেনা হয়েছে, মসজিদ নির্মাণের জন্য যা যা পরিকল্পনা করার করা হয়েছে, কাজ চলছে। ইতিমধ্যেই মসজিদ নির্মাণকল্পে দু'কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।