এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

পরিত্যক্ত ইঁটভাটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ

সার্থক কুমার দে (দুর্গাপুর): পশ্চিম বর্ধমানের দুর্গাপুর- ফরিদপুর থানার গৌড়বাজার সংলগ্ন চন্দ্রডাঙা এলাকার একটি পরিত্যক্ত ইঁটভাঁটা "পদ্ম ইঁট ভাঁটা" থেকে নগদ প্রায় ৪৮ লক্ষ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এত বিপুল পরিমাণ নগদ অর্থ সেখানে কীভাবে এল, কারা তা লুকিয়ে রেখেছিল এবং টাকার প্রকৃত মালিক কে—এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ গৌরবাজার গ্রামের পশ্চিমপাড়ায় এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় তদন্ত চলছিল। সেই তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার পুলিশ পরিত্যক্ত ঐ ইটভাটায় তল্লাশি চালায়। তল্লাশির সময় সেখান থেকে একটি কালো রঙের ট্রলি ব্যাগের ভিতর উদ্ধার হয় ৪৮ লক্ষ টাকা। এরপরই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অসৎ উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছিল অনেক নেতা। তার বক্তব্য, খোঁজ নিয়ে জানাতে পারছি, ওই ইঁট ভাঁটায় একসময় বিভিন্ন নেতার যাতায়াত ছিল। বিজেপি সরকার আসার পর দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় ভয়ে কেউ ওই টাকা সেখানে লুকিয়ে রেখে থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।
Ganamadhyam
06 August, 2026
অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সব দিক খোলা রেখেই এগোচ্ছে পুলিশ। উল্লেখ্য, কয়েক দিন আগেই পার্শ্ববর্তী বীরভূম জেলায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একাধিক আস্তানা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার অলঙ্কার উদ্ধারের ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল। তারই মধ্যে পশ্চিম বর্ধমানে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে নানা জল্পনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।
ই-পেপার