এক ঝলক
ছাত্রবিক্ষোভের আড়ালে থাকা দুষ্কৃতীদের কোনো ছাড় নয় ঃ আদালত দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও কাকলির দাবি বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয় হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী আদিত্য

অস্তিত্বের সংকটে সাঁকরাইলের বুড়িখাল

দীপক পর্বত(হাওড়া): সাঁকরাইলের রাজগঞ্জ জুট মিলের নিকট উৎস স্থল, হুগলি নদীর ছোট ছোট স্রোতের ধারা একত্রিত হয়ে বড় জলস্রোত সৃষ্টি হয়ে খালের রূপ নিয়ে সৃষ্টি হয়েছিল সাঁকরাইল এর বুড়ি খাল।
Ganamadhyam
04 August, 2026


 স্বয়ম্ভু অর্থাৎ প্রকৃতির ভূমন্ডলে নিজ সৃষ্টি এই খাল আনুমানিক পাঁচ ছয় শতাব্দী পূর্বে সৃষ্টি হয়েছিল। ঐতিহ্যবাহী খরস্রোতা এই খাল ভাগীরথী নদীর উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে বানিপুর ১ও ২, হাটগাছা , ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সরস্বতী নদীতে মিলিত হয়েছে। খরস্রোতা পবিত্র বারিধারায় প্রবাহিত এতদ অঞ্চলের প্রাণকেন্দ্রিক এই খাল ছিল স্থানীয় জনসাধারণের প্রানের স্পন্দন। তার প্রবাহিত বারিধারায় পার্শ্ববর্তী স্থান সমূহ কে করে তুলেছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। নৌকা চলাচলের মাধ্যমে বাণিজ্য পথ প্রসারিত ছিল সেই সঙ্গে ছিল খাল থেকে জেলেদের মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ, এক কথায় এক সময় এই খাল ছিল স্থানীয় জনগণের জীবন জীবিকার এক মাধ্যম। সময় অনেক এগিয়ে গেছে, বদল হয়েছে জনবিন্যাসের মানচিত্র। বর্তমানে বুড়িখালের রূপ দেখলে মনে হয় ওসব কিছু গল্প কথা। জনমানবের চাপে, আবর্জনা বজ্র পদার্থ ও পরিতক্ত প্লাস্টিকের কারণে ঐতিহ্যবাহী বুড়িখাল আজ আবর্জনা স্তূপে পরিণত হয়ে অবরুদ্ধ। মানুষের লোভানলের শিকার হয়ে আজ এই খাল অস্তিত্বের সংকটে। এই খাল জবর দখল করে গড়ে উঠেছে বড় বড় নির্মাণকার্য। জনগণের ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে। নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। প্রশাসনিক উদারতার কারণে ওই খাল কোনদিন সংস্কারের মুখ দেখেনি। সম্প্রতি ওই খাল সংস্কারের দাবিতে বাণিপুরের বাসিন্দা সমাজকর্মী মিলন সরদার, বালাই ধাড়ার নেতৃত্বে শুরু হয়েছে "বুড়িখাল বাঁচাও " আন্দোলন। মাতৃ শক্তি ঝুমা সাউ, জবা ডান্ডি প্রমূখের নেতৃত্বে এই আন্দোলনে হাজার হাজার নরনারী সামিল হন। ফলস্বরূপ ২০২৪ সালে হাওড়ার মাননীয় জেলাশাসক সরজমিন পরিদর্শনে আসেন এবং খাল সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু আজ অবস্থা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। কাজের কাজ কিছুই হলো না। আজ পর্যন্ত বুড়ি খাল সংস্কারে কোনরকম সরকারি পদক্ষেপ দিতে গৃহীত হলো না অথবা অর্থ বরাদ্দ হলো না। কালের প্রভাবে ক্ষমতার পট পরিবর্তন করে বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই নতুন সরকারের নিকট সমগ্র সাঁকরাইল বাসীর বিনীত আবেদন উল্লেখিত খাল সংস্কারে যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং সেই সঙ্গে অতীত ঐতিহ্যের সাঁকরাইল বাসির গর্বের  বুড়ি খাল তার পূর্ব রূপ ফিরে পাক। স্থানীয় মানুষের এটাই অনুরোধ সরকারের কাছে।
ই-পেপার