সন্ন্যাসী কাউরী(ডেবরা): নিজেদের দায়িত্ব-কর্তব্য পালনের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মান সুনাম রক্ষা করার অঙ্গীকার বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
রবিবার ডেবরা থানায় একটি সাইবার হেল্প ডেস্কের উদ্বোধন ও রেন প্রোটেকশন গিয়ার কিট বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার (আইপিএস) পাপিয়া সুলতানা। ট্রাফিক পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন স্মার্টলি আমাদের সকলকে ডিউটি করতে হবে। সাধারণ মানুষের কাছে পুলিশ ভালো, পুলিশ খারাপ, এটা নির্ভর করবে আপনাদের দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে। রাস্তাঘাটে রোদে জলে দিনরাত যারা কাজ করছেন, সাধারণ মানুষকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ যারা করছেন তাদের সকলকেই অভিনন্দন জানান তিনি। ট্রাফিক সিগন্যালে কর্তব্যরত কর্মীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, প্রতিদিন দায়িত্ব কাঁধে নিয়ে সঠিকভাবে কাজ করা সত্যি খুব কঠিন। আর সেই কঠিন কাজটা আপনারা করছেন। আপনাদের সকলের সহযোগিতায় আমরা পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের মান সম্মান গৌরব রক্ষা করতে পারব এটা আমার দৃঢ় বিশ্বাস। উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে আসার পর থেকে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুর্নীতি দমন করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সিভিক ও পুলিশকর্মীদের হাতে বর্ষার ছাতা, রেনকোট সহ অন্যান্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পথ নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে উপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থাও করবেন বলে তিনি আশ্বাস দেন। পুলিশ সুপার পাপিয়া সুলতানার এই উদ্যোগে খুশি ডেবরা থানার আধিকারিক, সিভিক, পুলিশ কর্মীসহ এলাকার সাধারণ মানুষ। এদিনের অনুষ্ঠানে পাপিয়া সুলতানা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বর্ষা বানু, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ, ডেবরার এসডিপিও দেবাশীষ রায়, অঞ্জন ঘোষ, ডেবরা থানার সিআই বিশ্বজিৎ দাস, ডেবরা থানার ওসি পলাশ কুইল্যা সহ অন্যান্য আধিকারিক।