অয়ন মন্ডল (মুর্শিদাবাদ): বর্ষার বৃষ্টিতে চরম ভোগান্তির মুখে পড়েছেন মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকার বাসিন্দারা। খালের উপর নির্মিত অস্থায়ী ও ভগ্নদশায় থাকা একটি সেতু,
জলের তলায় চলিয়ে যাবার প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি ব্লকের বোখরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুহাল দুর্গা মন্দির থেকে ধামুয়া এমএসকে স্কুলে যাওয়ার সংযোগকারী সেতুটি বর্ষার জলে তলিয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের জন্য স্থানীয় যুবকেরা কাঁধে সাইকেল তুলে হাত ধরে কোনক্রমে সেতু পার করে দিচ্ছেন। সেতুটি অচল হয়ে পড়ায় বহু পড়ুয়াকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে দীর্ঘ পথ ঘুরে স্কুলে যেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এতে যেমন সময় বেশি লাগছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এলাকাবাসীর দাবি, জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও সংযোগকারী সেতুটির স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের বক্তব্য, স্থায়ী সেতু নির্মাণ না হলে নতুন রাস্তারও পূর্ণ সুবিধা মিলবে না। প্রতি বর্ষায় ৫ থেকে ৬টি গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।স্থানীয়দের আশঙ্কা, প্রবল জলস্রোতে ভগ্নদশার সেতুটি যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। তাই দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।