এক ঝলক
ছাত্রবিক্ষোভের আড়ালে থাকা দুষ্কৃতীদের কোনো ছাড় নয় ঃ আদালত দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও কাকলির দাবি বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয় হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী আদিত্য

গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ

খাদিমুল ইসলাম(বানারহাট): গোয়ালঘরে লাগা ভয়াবহ আগুন থেকে গবাদি পশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ৫৬ বছর বয়সী রাজনাথ মাঝি। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুটি গরুরও।
Ganamadhyam
04 August, 2026


ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বানারহাট থানার অন্তর্গত পশ্চিম খয়েরকাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে রাজনাথ মাঝি তার গোয়ালঘরে প্রায় ২৪ থেকে ২৫টি গবাদি পশু বেঁধে রেখেছিলেন। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে গোয়ালঘরে একটি ধূপকাঠি জ্বালিয়ে রাখা হয়। অভিযোগ, একটি গরুর লেজের ধাক্কায় ধূপকাঠিটি শুকনো খড়ের ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যেই গোয়ালঘরে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়েই নিজের জীবনের ঝুঁকি নিয়ে গোয়ালঘরে ঢুকে পড়েন রাজনাথ মাঝি। তিনি একে একে ২৩টিরও বেশি গবাদি পশুকে উদ্ধার করতে সক্ষম হলেও দুটি গরুকে বাঁচানো সম্ভব হয়নি। আগুনে পুড়ে ওই দুটি গরুর মৃত্যু হয়। গবাদি পশু উদ্ধারের সময় রাজনাথ মাঝিও গুরুতর অগ্নিদগ্ধ হন।
প্রথমে তাকে ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলেও, চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজনাথ মাঝি, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গবাদি পশুগুলোকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ই-পেপার