ছবিতে রাহুলের চরিত্রটি এক চিত্রগ্রাহকের, যার নাম ‘বিশ্বকর্মা’। তার স্ত্রীর চরিত্রে দেবলীনা দত্ত। বিশ্বকর্মার সঙ্গে রাহুলের জীবনের এক অদ্ভুত সমাপতন চোখে পড়ে। এক বছর আগের কথা, ছবির ফার্স্ট কাট তৈরি হয়েছিল তখন। পরিচালক বাপ্পার সঙ্গে রাহুল নানা বিষয় নিয়ে আলোচনা করতেন। এই ছবিটি করার পর কেমন তৈরি হচ্ছে জানতে পরিচালক রাহুলকে সম্পূর্ণ ছবিটি দেখতে পাঠান। ছবি দেখে প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন রাহুল। সেই প্রতিক্রিয়া থেকে গিয়েছিল পরিচালকের কাছে। সেখানে রাহুল বলছেন, ছবিটা আমার নিজের করে খুব ভাল লেগেছে। গল্পটা কখনও কখনও লিনিয়ার হয়ে যাচ্ছে, কখনও ভাবনার জায়গায় চলে যাচ্ছে। অভিনেতা হিসাবে খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। এই ছবির আর একটি বিষয় হল পিতা-পুত্র দু’টি চরিত্রে অভিনয় করেছি। বাপ্পার জন্য আমি গর্বিত। খুব নতুন দল। কম বাজেটের সিনেমার জন্য চাপ বেশি ছিল, কিন্তু পরিবেশ ভাল থাকায় সবটাই ম্লান হয়ে গিয়েছে।