মুম্বইঃ ভারতীয় সিনেদুনিয়ার পাশাপাশি হলিউডেও ‘পাইরেসি’ এখন বড় সমস্যা। ছবিমুক্তির পরে অনলাইনে তা ছড়িয়ে যাওয়ার তালিকায় নবতম সংযোজন পরিচালক ক্রিস্টোফার নোলানের আলোচিত ছবি ‘দি ওডিসি’।
মুক্তির মাত্র দিন দশেকের মাথায় ফাঁস হল ‘পাইরেটেড’ ছবি। সমাজমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এই ছবি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে এক্স-এ (সাবেক টুইটার) ছবিটির একটি নিম্নমানের সংস্করণ পোস্ট করা হয়। সেটি প্রায় দু’ঘণ্টা অনলাইনে ছিল এবং তার মধ্যেই প্রায় ৫০ হাজার মানুষ তা দেখে ফেলেছেন বলে দাবি। পরে সেই ভিডিয়োটি সরিয়ে ফেলা হয়। ছবি ফাঁসের ঘটনায় সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে ‘দি ওডিসি’র পরিবেশক ‘ইউনিভার্সাল পিকচার্স’-এর তরফে বলা হয়েছে, “ছবিটি অনুমতি ছাড়া ফাঁস করার বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানোর প্রক্রিয়া শুরু করা হয়। ‘কপিরাইট’ লঙ্ঘনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আমাদের বিষয়বস্তু (কনটেন্ট) ও মেধাস্বত্ব রক্ষায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ করা হবে।” অনলাইনে ফাঁস হয়ে গেলেও বক্সঅফিসে অবশ্য দাপট বজায় রেখেছে ‘দি ওডিসি’। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই বিশ্ব জুড়ে ছবিটির আয় ৬০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। হোমারের মহাকাব্য অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যানি হ্যাথাওয়ে, টম হল্যান্ডের মতো তারকারা। ছবিতে রয়েছেন জ়েনডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ় থেরন, ট্র্যাভিস স্কট, বেনি সাফডি-সহ অনেকেই।