আন্দোলনের মাঝেই শুক্রবার দ্বিতীয়বার কেন্দ্রের সঙ্গে আলোচনার টেবিলে বসে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। দু’ঘণ্টার বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার শর্তে কোনও আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন সিজেপির প্রতিনিধিরা। তাদের দাবি, এই বৈঠকেও শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেয়নি সরকার। বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি, শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র। আজ শনিবার ফের দুই পক্ষ আলোচনায় বসতে পারে। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও বৈঠকে আরও দুই দাবির কথা জানান সিজেপির প্রতিনিধিরা। বৈঠকের পর সিজেপি-র দাবি, শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। শনিবার তাদের সঙ্গে কেন্দ্রের আরও একটি বৈঠক হতে পারে। ধর্মেন্দ্রকে না-সরানো হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাকও দিয়েছে সিজেপি।ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও আরও দুই দাবির কথা তুলেছে ককরোচ পার্টি। একটি হল, নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ। অপরটি হল, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা এবং এফআইআর খারিজ। এই দুই দাবি কেন্দ্র কার্যত মেনে নিয়েছে বলেই দাবি করেছে সিজেপি। বৈঠকের পর জে পি নাড্ডা জানিয়েছেন, ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে বৈঠক হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সিজেপি-র প্রতিনিধিরা তিনটি দাবির কথা জানিয়েছেন। পরীক্ষা ব্যবস্থায় পাঁচটি সংস্থারের প্রস্তাবও দিয়েছেন। তাদের বলেছি, আমরা কাল বিকেলে আবার বৈঠকে বসব। কেন্দ্রের সঙ্গে আলোচনা চললেও আন্দোলন আপাতত প্রত্যাহার করছে না সিজেপি। সংগঠনের বক্তব্য, যতক্ষণ না সব মূল দাবির সমাধান হচ্ছে, ততক্ষণ যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলবে। সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও আন্দোলনের গতি কমবে না বলেও জানিয়েছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রের পক্ষ থেকেও জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানেই তারা জোর দিতে চায়। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা সংস্কারের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। আমরা তাদের জানিয়েছি যে শনিবার বিকেলে আমরা আবার তাদের সঙ্গে বৈঠকে বসব এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা তাঁদের জানাব। নিট প্রশ্নফাঁস নিয়ে ক্যাবিনেটে আলোচনার আশ্বাসের পরেই বৃহস্পতিবার রাতে অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। জে পি নাড্ডার হাত থেকে খাবার খান সোনম। শিক্ষাবিদ ও সমাজকর্মী বলেন, 'অনশন ভাঙতে পেরে আমি খুশি, সবাইকে ধন্যবাদ'। এরপরেই সোনম ওয়াংচুকের সুস্থতা কামনা করে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন নরেন্দ্র মোদী। আর তারপরেই সোনমকে উদ্দেশ্য করে পোস্ট করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি স্পষ্ট করে দেন, সোনম অনশন ভাঙলেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন চলবে।