ওয়াশিংটনঃ হলিউডের অভিনেতা টম হল্যান্ডের ভারতীয় বক্সঅফিসে গ্রহণযোগ্যতা যে কেবল ‘স্পাইডার-ম্যান’-এর মুখোশেই সীমাবদ্ধ নয়, তার ইঙ্গিত মিলছিল অনেক দিন ধরেই।
তবে নতুন করে সেই বিশ্বাস আরও জোরালো হচ্ছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র অগ্রিম বুকিং আশাব্যঞ্জক ছবি তুলে ধরছে, যেমন, ক্রিস্টোফার নোলানের ‘দি ওডিসি’র অগ্রিম টিকিট বিক্রি এক দৃষ্টান্ত তৈরি করেছিল। মুক্তির এখনও আট দিন বাকি। তার আগেই দেশের দুই বৃহত্তম মাল্টিপ্লেক্স চেন— পিভিআর আইনক্স ও সিনেপলিস মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র প্রথম দিনের জন্য প্রায় ১.৫৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে হিসাব বলছে প্রায় ১.২৮ লক্ষ টিকিট বিক্রি হয়েছে পিভিআর আইনক্সে, বাকি ২৭ হাজার সিনেপলিসে। বাণিজ্যিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এই গতি বজায় থাকলে জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলিতে ছবিটির অগ্রিম বুকিং ৫ লক্ষ টিকিটের গণ্ডি ছুঁতে পারে। ২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ প্রায় ৫.৫ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি করেছিল। সেই রেকর্ড স্পর্শ করতে পারলে নতুন ছবির জন্য তা হবে বড় সাফল্য। অবশ্য এই উন্মাদনার নেপথ্যে শুধু স্পাইডার-ম্যানের জনপ্রিয়তাই নয়, টম হল্যান্ডের তারকাখ্যাতিও বড় ভূমিকা তৈরি করেছে। মার্ভেল মহাবিশ্বের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি তরুণ দর্শকের কাছে হল্যান্ড এখন নিজেই এক আকর্ষণের কেন্দ্র। ফলে তাঁর নতুন ছবি ঘিরে প্রত্যাশা যে এমনই হবে, তা অস্বাভাবিক নয়। ঠিক একই সময়ে ভারতীয় বাজারে আর এক হলিউডি ছবিকে ঘিরেও নজিরবিহীন আগ্রহ দেখা গিয়েছে। নোলানের ‘দি ওডিসি’র প্রায় প্রতিটি শো হাউসফুল। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, এই দুই ছবির অগ্রিম বুকিং আসলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এক সময়ে ভারতীয় বাজারে হলিউডের ব্যবসা মূলত সুপারহিরোদের ছবির উপর নির্ভর করত। এখন সেই সীমা ভেঙে পরিচালককেন্দ্রিক বড় ক্যানভাসের ছবিও সমান আগ্রহ তৈরি করছে। এক দিকে টম হল্যান্ডের তারকাখ্যাতি, অন্য দিকে, নোলানের ব্র্যান্ড— এই দুই শক্তিই প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষমতা রাখে।