শেষবার বড়পর্দায় থালাপতি বিজয়কে দেখে উন্মাদনা তুঙ্গে
চেন্নাইঃ দীর্ঘ প্রতীক্ষা, একাধিক বার মুক্তি পিছিয়ে যাওয়া এবং নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তলপতি বিজয়ের আলোচিত ছবি ‘জন নায়কন’।
ছবির প্রথম দিনের প্রথম শো ঘিরে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুরাগীদের উত্তেজনা, আনন্দের ছবিই ধরা পড়েছে। ভোর থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। ঢাক-ঢোল, নাচ-গান, বাজি পোড়ানো, বিজয়ের ছবির বড় কাট-আউট নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। চেন্নাইয়ের কোয়েম্বত্তূরের ‘রোহিনী’ থিয়েটারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে। প্রেক্ষাগৃহ চত্বরে বিজয়ের বিশাল পোস্টার ও কাট-আউট সাজিয়ে অভিনেতাকে অভিনব উপায়ে শুভেচ্ছা জানান তাঁর সমর্থকেরা। বহু জায়গায় দুধ ঢেলে নায়কের পুজো করতেও দেখা যায়। বড়পর্দায় প্রিয় তারকাকে শেষ বার দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। অনেকেই ‘তঙ্গমে তলপতি’ লেখা টি-শার্ট পরে প্রেক্ষাগৃহে হাজির হন। চেন্নাইয়ের একটি অঞ্চলে রথের আদলে সাজানো বিশেষ যানবাহনের মাধ্যমে ছবিকে স্বাগত জানানো হয়। আবার এক অনুরাগী নিজের বিলাসবহুল গাড়ির গায়ে বিজয়ের বিশাল ছবি এঁকে নজর কাড়েন। ছবির মুক্তিকে কেন্দ্র করে তামিল অভিনেতা জয়ও অনুরাগীদের ধৈর্য ও সমর্থনের প্রশংসা করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নানা বাধা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে ‘জন নায়কন’ দর্শকের সামনে এসেছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়।” তাঁর কথায়, বিজয়ের অনুরাগীরা বড়পর্দায় ছবি দেখার অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেন এবং দীর্ঘ অপেক্ষার পরেও সেই ভালবাসা অটুট রেখেছেন। সেই জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বিজয়ের রাজনৈতিক পথচলারও প্রশংসা করেছেন জয়। তাঁর আশা, জনপ্রতিনিধি হিসাবে বিজয় ভবিষ্যতেও মানুষের আস্থা অর্জন করবেন এবং তাঁর প্রতি সমর্থকদের ভালবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। এর আগে চলতি মাসেই সমাজমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছিলেন বিজয়। সেই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা আরও বাড়তে থাকে। এই ছবির পরিচালনা করেছেন এইচ বিনোদ।বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমিতা বাইজু, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রিয়মণি এবং নারাইন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। সম্ভবত এটিই বিজয়ের শেষ ছবি।